যুক্তরাজ্য সেনাবাহিনীর ইউটিউব, টুইটার অ্যাকাউন্ট হ্যাকড
হ্যাকারদের খপ্পড়ে পড়েছে যুক্তরাজ্যের সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট। তবে দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ আর্মি। তবে এ ঘটনার জন্য কারা দায়ী সেটি এখনো পরিষ্কার নয়।
সূত্রমতে, হ্যাক করে শতকোটিপতি ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির ভিডিও ইউটিউব চ্যানেলে প্রচার করে হ্যাকাররা। এনএফটি-এর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট করা হয়েছে টুইটার ফিডে। পোস্টগুলোতে রয়েছে বিনিয়োগের জন্য এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক।
বিট্রিশ সংবাদ মাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, অ্যকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘটনাটি তদন্ত করছে সেনাবাহিনী। তারা বলছে, তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নিয়ে সমস্যাটির সমাধান করা হচ্ছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
তবে সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যদিও আমরা এখন সমস্যাটির সমাধান করেছি, তদন্ত চলছে এবং ঘটনাটি স্পষ্ট না হওয়া পর্যন্ত মন্তব্য করা অনুচিত হবে।
https://twitter.com/BritishArmy/status/1543688455145807873
এদিকে, কনজারভেটিভ সংসদ সদস্য ও কমন্স ডিফেন্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান টোবিয়াস এলউড বলেছেন, যা ঘটেছে তা ‘গুরুতর বলে মনে হচ্ছে’।
টুইটারে তিনি আরও বলেছেন, ঘটনার সঠিক তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদী তিনি।
প্রসঙ্গত, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২০ সালের জুলাই মাসে বিটকয়েন কেলেঙ্কারিতে হ্যাকারদের হাতে চলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রধান টুইটার অ্যাকাউন্টগুলো। সেখানে ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেনের অ্যাকাউন্টও ছিল।